মাসে দুই কোটি সক্রিয় গ্রাহকের মাইলফলক অর্জন করলো মাইজিপি

১০ জুলাই, ২০২৪ ১৪:১৫  

মাসে দুই কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়ে দেশের শীর্ষস্থানীয় অ্যাপ হিসেবে প্রতিষ্ঠা পেল গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ অ্যাপ মাইজিপি। এ অর্জন উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর জিপি হাউজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান, চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন মাইলফলক নিয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম বলেন, "মাইজিপি অ্যাপে মাসে দুই কোটির বেশি ব্যবহারকারীর সংখ্যা আমাদের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা ও ভালোবাসার প্রতিফলন। উদ্ভাবন, গ্রাহক-কেন্দ্রিকতা এবং গ্রাহকের বাস্তব সমস্যার সমাধানে আমাদের একনিষ্ঠতা মাইজিপিকে একটি সাধারণ সেল্ফ-সার্ভিস অ্যাপ থেকে অল-ইন-ওয়ান সল্যুশনে রূপান্তরিত করতে সক্ষম করেছে। এতে গ্রামীণফোনের সকল টেলিযোগাযোগ সংক্রান্ত সুবিধাসহ জীবনধারা, বিনোদন ও অন্যান্য অফার প্রদান করা হয়। ফলে অ্যাপটি হয়ে উঠেছে গ্রাহকদের অন্যতম ডিজিটাল সহযোগী।”

তিনি আরও বলেন, “আমরা মাইজিপির মাধ্যমে এমন একটি ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে চাই যা গ্রাহকদের প্রতিনিয়ত পরিবর্তনশীল ডিজিটাল চাহিদাগুলো মেটাবে এবং গ্রাহকদের আরো ডিজিটাল-বান্ধব ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে। মাইজিপি হবে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সহজে ও দ্রুত সব কিছু করা যাবে যা অ্যাপটিকে দেশের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে এর অবস্থানকে আরো দৃঢ় করবে।”

প্রসঙ্গত,

গ্রামীণফোনের গ্রাহকদের জন্য 'ওয়ান-স্টপ' সল্যুশন হিসেবে ২০১৬ সালে যাত্রা শুরু হয়েছিল মাইজিপি অ্যাপের; যাতে গ্রাহকরা সহজে কোম্পানিটির বিভিন্ন ধরণের সেবা উপভোগ করতে পারেন। অ্যাপটির মাধ্যমে গ্রাহক তার নিজের প্রয়োজন অনুযায়ী ও সুবিধামতো গ্রামীণফোনের ৯৯ শতাংশ সেবা এবং বিক্রয়-পরবর্তী সেবা গ্রহণ করতে পারেন। অ্যাপটির অনন্য বৈশিষ্ট্য, যেমন: অ্যাকাউন্ট ব্যালেন্সের রিয়েল-টাইম আপডেট, ভ্যালিডিটি, রোমিং সেবাসহ আরো অনেক কিছু অ্যাপটিকে কোটি কোটি গ্রাহকের কাছে একটি আবশ্যক টুলে পরিণত করেছে।